কন্ঠশিল্পী মিলার নামে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: এবার কন্ঠশিল্পী মিলার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মূলত নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন তিনি। ২০১৭ সালে স্বামীর বিরুদ্ধে তার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চার্জ গঠন হয়েছে ২০১৮ সালে। কিন্তু দেড় বছর ধরে মিলা সাক্ষী দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়।
এরপরও আদালতে হাজির না হওয়ায় অবশেষে রোববার (২৩ জুন) মিলার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯ ঢাকা সোমবার ২৪ জুন এ তথ্য নিশ্চিত করেছেন মিলার প্রাক্তন স্বামী পারভেজ সানজারি।
তিনি জানান, শুধু গ্রেফতারি পরোয়ানাই নয়, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলা একাধিকবার আদালত, মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার আইনজীবীর কাছে তাও জানতে চেয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
মিলার দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ ওই বছরের ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী সানজারি পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। এরপর আরও ১০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন সানজারি। কিন্ত মিলা টাকা দিতে অস্বীকার করলে তার স্বামী তাকে আবারো মারধর করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে তার সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি