খালেদা জিয়ার মুক্তির দাবীতে রোববার সারা দেশে বিএনপির বিক্ষোভ
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীর জানিয়েছেন,আগামীকাল রোববার ঢাকা মহানগরের থানায়-থানায় ও সারা দেশে জেলা পর্যায়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, র্যাব-পুলিশ দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না ।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রসঙ্গ টেনে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিজয়ের এই মাসে আমাদের অফিসের সামনে আবার সেই অবস্থা ফিরে এসেছে। পুলিশ-র্যাব ও ভয় দেখানোর প্রক্রিয়াগুলো অবলম্বন করছে। কিন্তু ভয়-টয় দেখিয়ে কোনো লাভ হবে না। আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই এদেশের মানুষ তাদের অধিকার আদায় করে নেবে।’
এ সময় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার ঢাকা মহানগরের সবকটি থানা এবং সারা দেশের মহানগর ও জেলা সদরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে তারা (সরকার) একটি জঘন্য নাটক করছে। এই নাটক বাদ দিয়ে বেগম জিয়ার জীবন রক্ষার্থে তার জামিনের ব্যবস্থা করুন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। অন্যথায় এদেশের মানুষ কোনো দিন আপনাদের ক্ষমা করবে না। তখন আপনারা ক্ষমার অযোগ্য হবেন।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যের কথা, বাংলাদেশের একটি রাজনৈতিক মহল মুক্তিযুদ্ধের চেতনাকে পরিকল্পিতভাবে বিকৃত করছে এবং অত্যন্ত কদর্যভাবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তিকে বিকৃত করছে। অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনাকে তারা (আওয়ামী লীগ) বারবার ধ্বংস করেছে, সে কথা তারা একবারও বলে না।’
এর আগে দলের যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি