জুলাই সনদ এড়িয়ে যেতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার টালবাহানা করে জুলাই সনদ এড়িয়ে যেতে চায়। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।
শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর এখন এর বিরোধিতা করছেন। এর মাধ্যমে বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’: ফজলুর রহমান
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি