জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে মনোনয়ন খলিলুরের
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকলেও ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে শুরুতে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নতুন প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
আগামী সেপ্টেম্বরে শুরু হবে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন। তার আগে ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা।
৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে ফিলিস্তিনকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফিলিস্তিনের দাবি-কয়েকটি দেশের কূটনৈতিক চাপের মুখে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ। প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও আরাকান আর্মির অভিনন্দন : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইউনাইটেড লীগ অব আরাকান’র (ইউএলএ) চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং।
এদিকে অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এছাড়া আরাকান সেনাপ্রধান ও ইউএলএ চেয়ারম্যান ত্বান ম্রাত নাইং অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি