জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ ভবনের নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি প্রথম অফিস কার্যক্রম শুরু করেন।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন, যা নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক হিসেবে বিবেচিত হয়। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এদিন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি