
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকায় স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু ২৫ মে ইশরাক হোসেন নিজেই শপথ গ্রহণের দাবিতে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেন।
সেখানে আরও উল্লেখ করা হয়, এরপর ২৬ মে এক নাগরিকের পক্ষে হাইকোর্টের আগের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়। ফলে বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ কারণে বর্তমানে মেয়র পদে শপথ পাঠের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।
এর আগে, ডিএসসিসির মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সোমবারের মধ্যে শপথ পড়াতে সরকারকে লিগ্যাল পাঠান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সোমবার (২৬ মে) সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশের প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]