ইরানের সেই সুপার তেল ট্যাংকার আটকের নির্দেশ দিলো মার্কিন আদালত

বিদেশ ডেস্ক: যুক্তরাজ্যের অন্তর্ভূক্ত জিব্রাল্টার উপকূলে অবস্থানরত ইরানি তেল ট্যাংকার ‘গ্রেস ওয়ান’ আটকের নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মাসে জিব্রাল্টার প্রণালি দিয়ে সিরিয়া যাওয়ার সময় আটক করা ইরানি তেলবাহী জাহাজটি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল জিব্রাল্টার সরকার।
জিব্রাল্টারের সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত হওয়া তেলের ট্যাংকারটি যখন ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আদালতের এ নির্দেশ জারি হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি জেসি লু জানান, মার্কিন সরকারের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ লাখ ব্যারেল তেল ও নয় লাখ ৯৫ হাজার মার্কিন ডলারসহ গ্রেস ওয়ান ট্যাংকারটি আটকে পরোয়ানা জারি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জিব্রাল্টার প্রণালি দিয়ে ইরানের মিত্র দেশ সিরিয়া যাওয়ার সময় গত ৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনা ও জিব্রাল্টারের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইরানের তেলবাহী ট্যাংকারটি আটক করে জিব্রাল্টার বন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তেলের ট্যাংকারটি আটক করা হয়েছে দাবি করে আসছে ইরান। এ ঘটনাকে ‘ব্রিটিশ জলদস্যুতা’ বলেও অভিহিত করে তেহরান।
অন্যদিকে ব্রিটিশ সরকার দাবি করেছিল, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির জন্য তেল নিয়ে যাওয়ার কারণে ইরানি সুপার তেলের ট্যাংকার আটক করা হয়েছে। কিন্তু জিব্রাল্টারের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে মতবিরোধে জড়িত স্পেন জানায়, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে নয় বরং যুক্তরাষ্ট্রের আবেদনের পরিপ্রেক্ষিতে ইরানি ট্যাংকারটি আটক করেছে যুক্তরাজ্য।
এরপর তেলের ট্যাংকারটির সঙ্গে ইরানের রেভোলুশনারি গার্ডের (আইআরজিসি)সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ট্যাংকারটি আয়ত্তে নেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। আইআরজিসি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত।
এদিকে ইরানের তেলের ট্যাংকার আটকের পরোয়ানা জারির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি বলেন, ‘আইআরজিসির সঙ্গে ট্যাংকারটির সংশ্লিষ্টতা রয়েছে। পাশাপাশি মানি লন্ডারিংয়ের সঙ্গেও গ্রেস ওয়ান যুক্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।’
জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তেলের ট্যাংকারটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্যাংকারটির আটকাদেশ বহাল রাখার আবেদন জানানো সত্ত্বেও জিব্রাল্টারের আদালত ওই রায় দেয়।
এদিকে জিব্রাল্টারের আদালত ট্যাংকারটি মুক্ত করার নির্দেশ দিলেও জাহাজের ক্যাপ্টেনসহ আরো কয়েকজন ক্রু পরিবর্তন করার কারণে গ্রেস ওয়ান এখনো জিব্রাল্টার ত্যাগ করেনি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্স টুডে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি