ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইলের হামলার অভিযোগ
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী।
বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি কমপ্লেক্সের ভেতরের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, কমপ্লেক্সটিতে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় সোমবার (২ মার্চ) হামলা চালানোর কথা জানায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদর দফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানায় আইআরজিসি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নেপালের সুড়ঙ্গ থেকে বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সঙ্গীত একাডেমি