১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ


বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা শহরে কয়েক ঘণ্টা ধরে চলা বিক্ষোভের পাশাপাশি টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি, অফিস এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা। এ সময় শহরের বিভিন্ন সড়কে তাদের মিছিল ও সমাবেশ চলে। বিক্ষোভকারীদের অনেকের হাতে দা, রামদা, কাতরা, ফুলকুচিসহ দেশীয় অস্ত্র এবং লগি-বৈঠা দেখা যায়।


বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেন। এ ছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।

এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে ফেলা হয়। পরে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানার লাগানো হয়।


বিক্ষোভের আগে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালানো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন ছিলেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহলও দেখা যায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা মিছিল ও কর্মসূচি চালিয়ে যান।

অন্যদিকে, রোববার বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী-সমর্থকেরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপিসমর্থিত তিন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে এক যুবদল নেতার অফিসেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা জসিমের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, জেলার নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিয়োজিত ছিলেন। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল পেট্রোল, টহল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছিল।


তিনি আরও জানান, গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি উপজেলায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। শহরের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

ডিআইজি বলেন, ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পুলিশ।

অন্যদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি