গণহত্যা ঠেকাতে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে : আইসিজে
বাংলাপ্রেস ডেস্ক: রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। হেগের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু করেন আদালতের প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ। আইসিজের অফিসিয়াল ওয়েবসাইটে এ রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রায় ঘোষণায় এক ঘণ্টারও বেশি সময় লাগবে বলে খবরে জানানো হয়।
আদালত জানিয়েছেন, গাম্বিয়া নিজেদের নামে আবেদন করেছে। তারা চাইলে ওআইসি বা যেকোনো সংস্থা অথবা যেকোনো দেশের সহযোগিতা চাইতে পারে। গাম্বিয়া চাইলে তাদের মামলা চালিয়েও যেতে পারে।
আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলায় আদালতের এখতিয়ার নেই বলে যে দাবি করেছে মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালত তা প্রত্যাখ্যান করেছে। আর গাম্বিয়া মিয়ানমারকে যে নোট ভারবাল দিয়েছিল তা বিরোধের ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন আদালত। আদালত এও জানিয়েছেন যে, গণহত্যা ঠেকাতে মিয়ানমারকেই সব ধরনের উদ্যোগ নিতে হবে।
গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণায় আদালত জনিয়েছেন, রোহিঙ্গাদের হত্যা, নিপীড়ন, বাস্তুচ্যুতির মতো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকাতে হবে। রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের কাছে গাম্বিয়া যে পাঁচটি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য আবেদন করেছে তার মধ্যে চারটি মঞ্জুর করেছেন আদালত।
গাম্বিয়ার প্রত্যাশিত প্রথম ব্যবস্থা হিসেবে বলা হয়, ১৯৪৮ সালের ৯ ডিসেম্বরের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদের আলোকে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠী বা তার অংশবিশেষকে ধ্বংস করার লক্ষ্যে বিচারবহির্ভূতভাবে হত্যা বা শারীরিক নিপীড়ন, ধর্ষণ বা অন্যান্য যৌন সহিংসতা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভূমি ও জীবিকা ধ্বংস, খাবার বা জীবনের অন্যান্য প্রয়োজন পূরণ থেকে বঞ্চিত করা এবং দুর্ভোগ চাপিয়ে দেওয়া অবিলম্বে বন্ধ করবে।
এছাড়াও মিয়ানমোরে রাখাইনে এখন যে রোহিঙ্গারা আছেন, তাদের সুরক্ষা দেয়ার জন্য মিয়ানমারকে সব ধরণের ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন নেদারল্যাডন্সের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)।
দ্বিতীয় ব্যবস্থা হিসেবে বলা হয়, মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে তার কোনো সামরিক, আধাসামরিক বা অনিয়মিত সশস্ত্র ইউনিট রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড চালানো এবং এর পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত হবে না। এবং কোন গণহত্যায় না জড়ায়, উষ্কানি না দেয়, কিংবা নির্যাতনের চেষ্টা না করে সেজন্য ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রত্যাশিত তৃতীয় ব্যবস্থা হিসেবে গাম্বিয়া জানায়, জেনোসাইডের অভিযোগে আবেদনের সঙ্গে সম্পৃক্ত কোনো তথ্য-প্রমাণ মিয়ানমার ধ্বংস করবে না বা সেগুলোর অবস্থান বদলাতে পারবে না।
চতুর্থ ব্যবস্থার আবেদনে বলা হয়, মিয়ানমার ও গাম্বিয়া এমন কোনো উদ্যোগ নেবে না, যাতে পরিস্থিতির আরো অবনতি হয়। পঞ্চম ও শেষ ব্যবস্থা হিসেবে আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী আদেশের সর্বোচ্চ চার মাসের মধ্যে সেগুলো বাস্তবায়নের বিষয়ে আইসিজেতে মিয়ানমার ও গাম্বিয়া প্রতিবেদন উপস্থাপন করবে।
আদালত গাম্বিয়ার চারটি বিষয় মঞ্জুর করে মিয়ানমারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে চার মাস এই বিষয়ে জানাতেও আদেশ দিয়েছেন। তবে আদালত জেনোসাইডের অভিযোগে আবেদনের সঙ্গে সম্পৃক্ত কোনো তথ্য-প্রমাণ মিয়ানমার ধ্বংস করবে না বা সেগুলোর অবস্থান বদলাতে পারবে না; এই দাবিটি মঞ্জুর করেননি।
এর আগে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।
গত ১০ থেকে ১২ ডিসেম্বর ৩ দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি অংশ নেন। সে সময় তিনি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন।
২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন সু চি। অন্যদিকে গাম্বিয়া মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে জানায়। তারা রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তর্বর্তী নির্দেশের দেওয়ার অনুরোধ করে। পরে আজ অন্তর্বর্তী আদেশে আলোচিত এই মামলাটি চালানোর সিদ্ধান্ত দিয়েছেন আদালত।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি