ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ১৬ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম ভোক্তা পর্যায়ে লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা। নতুন এ দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর এই প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করল।
বিপিসির অধীন চার তেল বিপণন কোম্পানি—পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে।
এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সবশেষ ২০২৪ সালের ২ আগস্ট ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি দাম নির্ধারণের প্রস্তাব পাঠায়। চার বিপণন কোম্পানিও পৃথক প্রস্তাব জমা দেয়।
গত ২৯ জানুয়ারি প্রস্তাবগুলোর ওপর গণশুনানি করে বিইআরসি। বিপিসি ও বিপণন কোম্পানিগুলো প্রতি লিটার ৮১ টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল। বিইআরসি গঠিত কারিগরি কমিটি মূল্যায়ন করে ৭৪ টাকা ৪ পয়সা প্রস্তাব করে। তবে পিডিবি আপত্তি জানিয়ে শুনানিতে দাবি করে, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৫০ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা যেতে পারে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি