৯ নভেম্বর ২০২৬

এসব করে কি আপনারা আমাকে সরি বলাতে চান?’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
এসব করে কি আপনারা আমাকে সরি বলাতে চান?’

বাংলাপ্রেস ডেস্ক:  সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। এক ভিডিও বক্তব্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাকে যারা অপদস্থ করছেন এবং বয়কটের ডাক দিয়েছেন, তারা কি তার কাছে ক্ষমা চাইবেন?

সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি অভিযোগ করেন, তাকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা চলছে।

ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাকে কাজ না দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে।

ভিডিওতে নিজের বক্তব্যের একপর্যায়ে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।

ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে সরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কিভাবে সরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং (ভুল) করেছ, এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত বা তুমি সরি বলো। তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অবধি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো যায়, সম্ভব।’

নিজের গালাগালের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘আচ্ছা, এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে।

তুমি গালাগাল করতে পারবা না।...যা ইচ্ছা তা-ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে। সে তো বলতে হবে।’

এরপর নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’

পরীমনির অভিযোগ, তাকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাকে কোনো কাজ না দেওয়া হয়। বক্তব্যের শেষে তিনি প্রশ্ন করেন, ‘মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তার দাবি, অনুষ্ঠানে এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। পরে তার গাড়িতে হামলা এবং অনুষ্ঠানস্থলের একটি স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়েছিল বলে জানান অভিনেত্রী। এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছেন।

অভিযোগ অস্বীকার করে রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি