৯ সেপ্টেম্বর ২০২৬

এই সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে’: নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
এই সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে’: নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটা ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।

বুধবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি ববি শাখা এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নাম্বার বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, সরকারি চাকরির ভাইবা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন- ভাইবা মার্ক হচ্ছে দলীয় নিয়োগের সুযোগ। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার মার্ক ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর করা উচিত। আর তারা যখন সরকারে আসে তখন উল্টো পথে যাচ্ছে।

তিনি বলেন, আমরা বলে দিতে চাই, এরকম কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না। ফলে রাজনৈতিক কারণে এ ধরনের হুটহাট সিদ্ধান্ত নেবেন না। যদি আপনাদের কাছে এটা যথাযথ যুক্তি থাকে তাহলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করুন, যৌক্তিক সংস্কার করুন; তা আমরাও চাই।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিবাহিত হয়েছে। এ সময়জুড়ে অন্তর্বর্তী সরকার শেষে এখন নির্বাচিত সরকার রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে, তা আপনারা বিচার করবেন।

সভায় আরও বক্তব্য দেন- এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি