
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। অপরদিকে, একই দিন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছে।
রোববার অফিস শুরুর আগেই কর্মকর্তা-কর্মচারীরা হাজির হতে থাকেন। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে সাক্ষাতে কুশল বিনিময় করেন অনেকে। লম্বা ছুটি কাটিয়ে নতুন উদ্যোমে কাজে যোগ দিয়েছেন বলেও জানান তারা।
এদিকে, রোববার সকাল থেকে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারেও কার্যক্রম চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।
প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে গত কয়েকদিনের তুলনায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে। ছুটি কাটিয়ে শেষমুহুর্তেও ঢাকায় ফিরেছেন অনেকে। রোববার ভোর থেকে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে ভালো সময় কাটানোর কথা জানান ঢাকায় ফেরা ব্যক্তিরা।
প্রসঙ্গত, গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়। এর আগে, গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া, ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]