দলীয় প্রতীকে ভোট: আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
বাংলাপ্রেস ডেস্ক: উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এমনটা জানিয়েছেন।
আরপিও সংশোধন নিয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদে এর নীতিগত অনুমোদনের পর বাকি কাজটুকু করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশন। তারা অধ্যাদেশ জারি করেন। কাজেই অধ্যাদেশ জারির বিষয়টি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি।
তিনি বলেন, এ বিষয়ে আমাদের এখান থেকে নতুন করে বলার মতো কিছু নেই। আমাদের অপেক্ষা করতে হবে, আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অবস্থান জানার পরেই এ বিষয়ে কথা বলা যাবে।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২। আর মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গে ভোটার সংখ্যা ১ হাজার ২৩০। পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যাগত পার্থক্য হিসেবে পুরুষ ভোটার বেশি ১৯ লাখ ৯ হাজার ৬১০ জন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি