৭ মে ২০২৬

ঢাকা জেলায় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম
ঢাকা জেলায় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই


বাংলাপ্রেস ডেস্ক: দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকা জেলা বাসিন্দাদের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার বলে তথ্য দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

শনিবার(২৫ অক্টোবর) ডিসিসিআই প্রকাশিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ২০১১ সালের হিসাবকে ভিত্তি ধরে ডিসিসিআই ২০২৩-২৪ অর্থবছরে ঢাকাবাসীর এই আয় নির্ধারণ করে।

চলতি বছরের মে মাসে বিবিএস জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক মাথাপিছু আয় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮২০ ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৮২ ডলার বেশি।

তবে বিবিএস জেলাভিত্তিক আয় প্রকাশ করে না। এবার প্রথমবারের মতো ডিসিসিআই ঢাকা জেলার জন্য আলাদা হিসাব প্রকাশ করেছে।

‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক ‘ফোকাস গ্রুপ’ আলোচনায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

ডিসিসিআই জানায়, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক; পাশাপাশি মোট কর্মসংস্থানের ৪০ শতাংশও এখানেই।

গবেষণাটি ত্রৈমাসিক ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে ঢাকা জেলার বাণিজ্যিক কর্মকাণ্ড, খাতভিত্তিক পরিবর্তন, অর্জন ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে সম্পন্ন হওয়া এ গবেষণায় উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জন ব্যবসায়ী ও উদ্যোক্তার সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৩২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার শহরগুলোর মধ্যে সর্বোচ্চ ঘনত্বের একটি।

ডিসিসিআই জানায়, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে এই ঘনবসতিপূর্ণ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি