
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
বৃহস্পতিবার (২৭শে মে) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন থেকে এ টিকা আমদানি ও ব্যবহারে আইনি কোনো বাধা রইলো না।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুতনিক-ভি টিকা ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এ নিয়ে দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকার অনুমোদন দেওয়া হলো।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠিতে উপহার হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতেও বাংলাদেশ রাজি আছে বলে চিঠিতে জানানো হয়।
উল্লেখ্য, ফাইজারের এই টিকাটি ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক জরুরি ব্যবহারে অনুমোদনপ্রাপ্ত চতুর্থ টিকা। এর আগে গত ৭ই জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদফতর ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
এছাড়া গত ২৭শে এপ্রিল রাশিয়ার স্পুটনিক ভি টিকা এবং গত ২৯শে এপ্রিল চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।
বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]