৪ মে ২০২৬

চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন পাইলট গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন পাইলট গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলটকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমোদন ছাড়া চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, সাবেক এয়ার ফোর্স মেজর জেরাল্ড ব্রাউন, যিনি পাইলট কল সাইন ‘রানার’ নামে পরিচিত ছিলেন, তাকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা-সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান ও এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

F-35 Lightning II-এর সাবেক প্রশিক্ষক পাইলট ব্রাউন (৬৫) বিমানবাহিনীতে দীর্ঘ সময় অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ও গুপ্তচরবৃত্তি বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি এক বিবৃতিতে বলেন, ‘তিনি যে দেশকে রক্ষা করার শপথ নিয়েছিলেন, সেই দেশের বিরুদ্ধেই লড়াই করার জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে তিনি দেশদ্রোহিতার পথ বেছে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চীনা সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আধুনিকায়ন করছে। এই গ্রেফতার একটি সতর্কবার্তা।’

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনিন ফেরিস পিরো বলেন, ‘ব্রাউন এবং আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত যে কেউ, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

বিচার বিভাগের তথ্যমতে, ব্রাউন ২৪ বছর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেন। তিনি যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এবং পারমাণবিক অস্ত্রবাহী ইউনিটসহ সংবেদনশীল ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।

১৯৯৬ সালে সামরিক বাহিনী ছাড়ার পর তিনি বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন। পরে তিনি প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে যুক্ত হয়ে মার্কিন পাইলটদের এফ-৩৫ ও এ-১০ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে তিনি চীনে যান চীনা পাইলটদের প্রশিক্ষণ দিতে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রে ফেরেন। চীনা পাইলটদের প্রশিক্ষণের জন্য তার চুক্তিটি করেন স্টিফেন সু বিন নামের এক চীনা নাগরিক, যিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা ঠিকাদারের কম্পিউটার হ্যাক করে সামরিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রে দোষ স্বীকার করে চার বছরের কারাদণ্ড পান।

ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগ সাবেক মার্কিন মেরিন কর্পস পাইলট ড্যানিয়েল ডুগানের মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ডুগানকে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করছেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

২০২৫ সালের অক্টোবরে ডুগান অস্ট্রেলিয়ার আদালতে তার প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফুস তার প্রত্যর্পণ অনুমোদন করেছিলেন।

বর্তমানে ডুগানের বয়স ৫৭ বছর এবং তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ২০১৪ সাল থেকে চীনে বসবাস করছিলেন তিনি এবং ২০২২ সালে চীন থেকে ফেরার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

রয়টার্স জানায়, ডুগানের আইনজীবী ক্রিস্টোফার পারকিন আদালতে বলেন, তার মক্কেলের প্রত্যর্পণ অস্ট্রেলিয়ার জন্য অভূতপূর্ব। তিনি যুক্তি দেন, তার মক্কেলের কাজটি অস্ট্রেলিয়ায় তখন অপরাধ হিসেবে গণ্য ছিল না এবং তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রত্যর্পণ চুক্তির ‘ডুয়াল ক্রিমিনালিটি’ শর্ত পূরণ করে না।

২০২৪ সালে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারসমূহ একটি যৌথ নোটিশ প্রকাশ করে সতর্ক করে যে, চীন বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের নিয়োগের চেষ্টা করছে, যাতে পশ্চিমা সামরিক দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানো যায়।

নোটিশে বলা হয়, ‘পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) যে জ্ঞান অর্জন করছে, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের, তাদের সহযোদ্ধাদের এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি।’

এতে আরও বলা হয়, কোনো বিদেশি সামরিক বাহিনীকে অনুমোদন ছাড়া প্রশিক্ষণ বা বিশেষজ্ঞ সেবা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তি বেসামরিক ও ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে পারেন। সূত্র- আল জাজিরা

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি