চাল নিয়ে ছাত্রলীগ নেতার চালবাজি

বাংলাপ্রেস ডেস্ক: উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির চাল নিয়ে চালবাজি, দেড় লাখ টাকা জরিমানা। টাঙ্গাইলের সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়ম ও উপকারভোগীদের সঙ্গে প্রতারণা করার অপরাধে এক ডিলারের লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ই এপ্রিল) সন্ধ্যায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা নিজ কার্যালয়ে আদালত বসিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকারকে এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাপিয়াচালা বিক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডিলার আরিফ সরকার গত ৫ই এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা হিসেবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রির জন্য ১৫ মেট্রিক টন চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। প্রতি মাসের চার সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে বিক্রির কথা।
এদিকে তালিকাভুক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রে ৫০-৬০ জনের কাছে বিক্রি করে দোকান বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে সোমবার ওই বাজারে গিয়ে হতদরিদ্র তালিকাভুক্তরা চাল কিনতে গিয়ে ফিরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপকারভোগী এ প্রতিনিধিকে জানান, ওই ছাত্রলীগ নেতা বাকি সব চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। ওই চাল অল্পদামে স্থানীয় অনেক প্রভাবশালী ও বিত্তবানরা কিনে ব্যবসা করেন।
এ বিষয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভুক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারণা দায়ে তার লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সূত্র: ডিবিসি নিউজ। বিপি।আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি