১৭ নভেম্বর ২০২৬

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সারাদেশে একযোগে ৫১১ জন শিল্পোদ্যোক্তার মাঝে মোট ১৪ কোটি তিন লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে মোট দুই হাজার ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, শিল্পায়ন সম্প্রসারণ এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের কনফারেন্স রুমে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিসিক বর্তমানে দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারে। দুই লাখ টাকার বেশি হলে জামানত দিতে হয়। জেলা পর্যায়ে ঋণের পরিমাণ পাঁচ লাখ টাকা এবং এর ঊর্ধ্বে বিসিক ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। জামানতবিহীন ঋণের পরিমাণ কতটুকু বাড়ানো যায় তা পর্যালোচনা করে দেখা হবে। এ ক্ষেত্রে ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা প্রমাণ করে ঋণগ্রহীতারা ভালো উদ্যোক্তা।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ৫১১ জন উদ্যোক্তার মধ্যে অর্ধেকের বেশি নতুন উদ্যোক্তা। এই উদ্যোগ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগের দ্বার উন্মোচন করবে। বিসিক শুধু উদ্যোক্তা সৃষ্টি করে না, বরং তাদের দক্ষতা উন্নয়ন ও টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতেও সহায়তা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা– এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তার মাঝে সাত কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তার মাঝে ছয় কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ। খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেকট্রনিকস এবং সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হয়েছে। 
বর্তমানে বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন কর্মসূচিসহ তিনটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে। বিসিক আগামী পাঁচ বছরে চলমান তিনটি কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্‌ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি