বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রেলমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
রোববার (১৭ মার্চ) দুর্ঘটনার পর ঘটনার পর এ কথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, কুমিল্লায় রেল দুর্ঘটনায় যে কর্মকর্তা বা যে দফতর দায়ী বলে প্রমাণিত হবে, তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় কারও অবহেলা প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
এরআগে, ট্রেন দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। উভয় কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটি দুটির মধ্যে একটি বিভাগীয়, অন্যটি আঞ্চলিক পর্যায়ে। বিভাগীয় কমিটির প্রধান চট্টগ্রাম রেলের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান ও আঞ্চলিক কমিটির প্রধান পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শহীদুল ইসলাম।
এরআগে, দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিম্নমানের স্লিপার এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ট্রেন লাইনচ্যুত হওয়ার পেছনে দুর্বল সেতুকে দায়ী করেন। তিনি বলেন, ‘এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ব্রিজ। এই ব্রিজের যে কাঠ, এই কাঠ অনেক বছরের পুরোনো। এই ব্রিজের কোনো সংস্কার হয়নি।’
তিনি বলেন, ‘দুর্ঘটনায় চালকদেরও অবহেলা রয়েছে। ট্রেনটি যে গতিতে এসেছে তা স্বাভাবিক গতি ছিল না। এই লাইনে একটা গতিসীমা আছে, এই গতিসীমা মানা হয়নি।’
তবে চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘তাপের কারণে রেললাইন বেঁকে গিয়েছিল, যা আমরা খেয়াল করি নাই। তাপে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ৯ বগি লাইনচ্যুত হয়েছে। আজ ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্ধারের।’
হাসানপুর রেলস্টেশন মাস্টার সোহাগ জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম লাইন ব্লক। ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি