বিদেশি আদালতের পরোয়ানা মানেই বাংলাদেশে গ্রেপ্তার নয়: হাইকোর্ট
বাংলাপ্রেস ডেস্ক: বিদেশি কোনো আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার কোনো আইনি সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিদেশি আদালতের পরোয়ানা জারির ফলে তা নিজে থেকেই বাংলাদেশে কার্যকরযোগ্য হয়ে ওঠে না। একইভাবে, এ ধরনের পরোয়ানার ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার বা বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে দেশের স্থানীয় কর্তৃপক্ষের ওপরও কোনো আইনগত বাধ্যবাধকতা তৈরি হয় না।
‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলায় হাইকোর্ট এ পর্যবেক্ষণ দেন।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত সোমবার (৯ নভেম্বর) এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সানোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল ওয়াহাব। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন, মো. গোলাম রাজীব ও মো. ফুয়াদ হাসান।
মামলার পটভূমি ও আইনজীবীদের বক্তব্য
মোহাম্মদ আল ফয়জুল আলম বাংলাদেশের নাগরিক। তিনি সংযুক্ত আরব আমিরাতের জেরাব এলএলসিতে কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। এ ঘটনায় দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে তাকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়। তবে দণ্ডিত ব্যক্তি বিচারিক কার্যক্রমে উপস্থিত না থাকায় ২০২২ সালের ৪ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রিট আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ আল ফয়জুল আলমকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৫ সালের ৯ ও ২৪ সেপ্টেম্বর আবেদন করা হয়।
কিন্তু এসব আবেদনের পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বাংলাদেশের কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সুযোগসংবলিত কোনো প্রযোজ্য চুক্তি, আইনগত বিধান বা কাঠামো নেই। তা ছাড়া সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি কূটনৈতিক বা আনুষ্ঠানিক চ্যানেলে প্রত্যর্পণ কিংবা হস্তান্তরের কোনো অনুরোধ বাংলাদেশ সরকার পায়নি।
এ অবস্থায় রিট আবেদনকারীর ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার কোনো আইনগত ভিত্তি নেই বলে রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল।
হাইকোর্টের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত
উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনা, রিট আবেদন ও সংযুক্ত নথিপত্র পর্যালোচনা এবং উপস্থাপিত যুক্তিতর্ক বিবেচনার পর হাইকোর্ট বলেন, গ্রেপ্তার কিংবা কোনো ব্যক্তিকে বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো বলপ্রয়োগমূলক পদক্ষেপ গ্রহণের জন্য অবশ্যই সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট কর্তৃত্ব থাকতে হবে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিদেশি কোনো আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই সেটি বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরযোগ্য হয়ে যায় না। একই কারণে ওই পরোয়ানা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতাও আরোপিত হয় না। এ ধরনের যেকোনো পদক্ষেপ বাংলাদেশের প্রচলিত আইন এবং তাতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই গ্রহণ করতে হবে।
হাইকোর্ট আরও উল্লেখ করেন, বিদেশি কোনো ফৌজদারি কার্যক্রমে বেসরকারি পক্ষের স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকলেও শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন দাখিলের মাধ্যমে তারা বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য করতে পারে না। যতক্ষণ পর্যন্ত বিবাদীদের ওপর পদক্ষেপ গ্রহণের কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ তাদের কথিত নিষ্ক্রিয়তাকে সরকারি দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে বিবেচনার সুযোগ নেই।
সবশেষে আদালত সিদ্ধান্ত দেন, বিবাদীদের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার ক্ষেত্রে রিট আবেদনকারী প্রয়োজনীয় আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে কোনো রুল জারি না করে উল্লিখিত পর্যবেক্ষণসহ রিট আবেদনটি সরাসরি নিষ্পত্তি করা হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
সঙ্গীত একাডেমি