১১ নভেম্বর ২০২৬

বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা প্রযোজ্য হবে।

নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।

শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।

এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর। এবার তা এক বছর বাড়ানো হয়েছে। তবে গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর রাখা হয়েছে। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় ভিন্নতা থাকছে।

প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির সুযোগ দেওয়া যাবে।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।

নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচারের ব্যবস্থা নেবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি