বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা-ভাঙচুর
বাংলাপ্রেস ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গত রোববার ইরাকের ইরান সমর্থিত একটি শিয়া গোষ্ঠীর স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা হয় এবং এতে ২৫ জন যোদ্ধা নিহতের প্রেক্ষিতে এই বিক্ষোভ বলে জানা গেছে। মঙ্গলবার বিক্ষুব্ধরা এই হামলা ও ভাঙচুর চালায়।
গার্ডিয়ান বলছে, মার্কিন হামলায় নিহতদের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে উপস্থিত হয়ে হামলা চালায়। এসময় বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক, ধ্বংস হোক’ স্লোগানে মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করে। তারা দূতাবাসের দিকে পানির বোতল ছুড়ে মারে। ঢিল ছুড়ে দূতাবাসের বাইরে চারপাশের নিরাপত্তা ক্যামেরা ভেঙ্গে দেয়। বিক্ষোভের মুখে দূতাবাসের নিরাপত্তারক্ষীরা পিছু হটে।
গত রোববার ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর সিরিয়ার ঘাঁটির ওপর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ২৫ জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, গত সপ্তাহে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত হওয়ার বদলায় এই হামলা। হামলার জন্য ওই শিয়া গোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি