আইপিএলে ৪ উইকেটে দুর্দান্ত মুস্তাফিজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মাথিশা পাথিরানার চোটে ভাগ্য খুলে মোস্তাফিজুর রহমানের। ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পান তিনি। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশ পেস সেনসেশন। ৪ ওভারে ২৯ রানের ৪ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।
শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপঅর্ডার ভেঙে দেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। একে একে ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং রজত পাতিদারকে।
পরে ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। এবার ব্যাটিং কিং বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনকে তুলে নেন তিনি। অবশ্য পরের ওভারে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার।
ফিজের মতো এদিন চেন্নাইয়ের কোনো বোলারই জাদু দেখাতে পারেননি। ফলে বড় সংগ্রহ পেয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টাইগার তারকার ম্যাজিকের পরও ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অনুজ রাওয়াত। মাত্র ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন দিনেশ কার্তিক।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি