৭ ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চালু
বাংলাপ্রেস ডেস্ক: বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় সাত ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এমআরটি ৬ লাইনের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল বিকালেই শুরু হয়েছিল। তবে শাহবাগ থেকে আগারগাঁও অংশে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেইজে রোববার সন্ধ্যায় এক বার্তায় বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকাল ৩ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭টা ১৫ মিনিটে চালু হয়েছে।
এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহতের ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল চলাচল। এরপর এক বার্তায় বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানায় ডিএমটিসিএল।
এদিকে শাহবাগ থেকে আগারগাঁও অংশে এখনও বন্ধ রয়েছে মেট্রো চলাচল। পুরো লাইনে কখন স্বাভাবিক হবে তা এখনও জানায়নি ডিএমটিসিএল। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী প্রাণ হারান। দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি