৬ মাসের অফিস ভাড়া বকেয়ার ব্যাখ্যা দিলেন জাফর মাহমুদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলা প্রেসে গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত 'মুখোশের আড়ালে ভায়ানক ভন্ডামি-নিউ ইয়র্কে ৬ মাসের বকেয়া অফিস ভাড়া আদায়ে জাফর মাহমুদের নামে আদালতের সমন' শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আবু জাফর মাহমুদ। প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় তিনি বলেন, নিউ ইয়র্ক স্টেটের অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশি কমিউনিটির প্রথম হোম কেয়ার উদ্যোক্তা হিসেবে আমার ও আমার প্রতিষ্ঠানের গৌরবময় মর্যাদা ক্ষুন্ন করার প্রয়াস নেয়া হয়েছে। আমি সংবাদটির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি উল্লেখিত কয়েকটি বিষয়ে আমার বক্তব্য উপস্থাপন জরুরি বলে মনে করছি।
প্রথমত. সম্পূর্ণ বিদ্বেষ ও আক্রমণের বশবর্তী হয়ে সংবাদটির শিরোনামে উল্লেখ করা রয়েছে, ‘মুখোশের আড়ালে ভয়ানক ভন্ডামি’ যা সংবাদিকতার আদর্শ ও নীতি বহির্ভূত। আমার বাণিজ্যিক ও সামাজিক কাজকর্মের সততা, নিষ্ঠা ও উদারতা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। এই সংবাদের ভেতর দিয়ে আমাকে সামাজিক ও বাণিজ্যিকভাবে হেয় করার এবং বহুমুখিভাবে ক্ষতিগ্রস্ত করার হীন প্রয়াস নেয়া হয়েছে।
দ্বিতীয়ত. যে সম্পত্তির ভাড়ার বিষয়ে সংবাদে উল্লেখ করা রয়েছে, তার মালিক আমিনুল ইসলাম একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের রিয়েল মাধ্যমে আমাদেরকে ভাড়া দিয়েছেন। তার প্রস্তাবিত অগ্রিম ও অন্যান্য শর্তাদী পূর্ণ করে আমরা ভবনটির ভাড়া গ্রহণ করি। কিন্তু ভবনটির চূক্তির সময় মিশ্র সম্পত্তি’র বিষয়টি তিনি গোপন করে পুরোটাই বাণিজ্যিক হিসেবে উল্লেখ করেন। তিনি তার অ্যাটর্নির মাধ্যমে পরে চুক্তিপত্র সংশোধন করে দেয়ার প্রতিশ্রুতি দেন। আমরা বারবার তাগাদা দিলেও তিনি তা সংশোধন করে দেননি।
তৃতীয়ত. চুক্তির আগে ভবনের সম্পত্তির বিদ্যুৎ, গ্যাস ও হিটিং ব্যবস্থা চালু রয়েছে মৌখিকভাবে উল্লেখ করলেও ভাড়া গ্রহণের পর দেখা যায় সেখানে গ্যাস ও হিটিং সংযোগ নেই। পরে দুয়েকদিনে তিনি নিজ উদ্যোগে এসব চালু করার ব্যবস্থা নেবেন জানানোর পর আমার প্রতিষ্ঠানের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা আদিত্য শাহীনকে তার পরিবার নিয়ে দোতলায় বসবাসের জন্য জানানো হয়। উল্লেখ্য যে, ভবনের দোতলায় তিনি বসবাস অনুকুল ব্যবস্থা রেখেছিলেন। সেখানে কিচেন, ফ্রিজ, চুলা (গ্যাস সংযোগবিহীন) ছিল। এসবের কারণেই সেখানে আদিত্য শাহীনকে তার স্ত্রী ও দুটি শিশুসন্তানসহ অস্থায়ী ভিত্তিতে বিনা ভাড়ায় থাকার অনুমতি দেয়া হয়। তিনি নিজেও ওই বাসায় বারংবার গিয়েছেন ওই পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছেন।
চতুর্থত. ভবনের নির্ধারিত গ্রেস পেরিয়ড (সংস্কারের জন্য বিনাভাড়ায় সময়) দুই মাস অতিবাহিত হওয়ার পর যখন ভাড়া দেবার সময় এসেছে তখন তার কাছে চুক্তিনামা সংশোধন ও গ্যাস সংযোগের বিষয়টি আমার অফিস থেকে জানতে চাওয়া হলে তিনি, এসব বিষয় পুরোপুরি এড়িয়ে যান এবং কোনো কিছুর জন্যই তিনি দায়িত্ব নেবেন না বলে জানান। উপোরন্তু তিনি আমার অফিসের কর্মকর্তা সৈয়দ আলমের সঙ্গে অশালীন ও অনভিপ্রেত আচরণ করেন। পরে তার সঙ্গে আর আলোচনার সুযোগ না পাওয়ার কারণে আমরা আমাদের অ্যাটর্নির মাধ্যমে আমাদের বক্তব্য তাকে জানাই। পরে তিনি তার অ্যাটর্নি দিয়ে একাধিক নোটিশ আমাকে ও ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাসরত আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা আদিত্য শাহীনের নামোল্লেখ করে নোটিশ পাঠান। উল্লেখ্য, যে আদিত্য শাহীন ছাড়াও নোটিশে তিনি একাধিক ভিনদেশি ও অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন। যাদের সঙ্গে আমার ও আমার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক ও সংশ্রব নেই এবং আমরা কেউই চিনিনা। আমরা অংশকা করছি, অজ্ঞাত ব্যক্তিদেরকে আমাদের সঙ্গে জড়িয়ে তিনি অজানা কোনো স্বার্থ চরিতার্থ করতে চাইছেন এবং আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছেন।
পঞ্চমত. ভবনমালিক আমিনুলের উদ্ধৃতি দিয়ে ওই সংবাদে তিনি আমার নামোল্লেখ করে অতীব মর্যাদাহানীকর মন্তব্য করেছেন। আমি বিশ্বাস করি আমার ও আমার প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা সবই আমার বাংলাদেশি ভাই-বোনদের আন্তরিক ভালোবাসার কারণেই অর্জিত হয়েছে। আমার প্রতিষ্ঠান ও আমার মর্যাদায় আঘাত দেয়া আমার দেশ বা ও দেশের মানুষের ওপর আঘাত দেয়ার শামিল। ভবন মালিক আমিনুল ইসলামকে উদ্ধৃত করে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য প্রকাশ করা এবং আপনি নিজে দায়িত্ব নিয়ে প্রকাশ করার মধ্য দিয়ে আমার সম্মান মর্যাদা ও আমার কোম্পানীর ও গৌরব আর্থিক ও সামাজিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়। এ কারণে আমি আমার সম্পর্কে যেসব মন্তব্য প্রকাশ করেছেন তা প্রত্যাহারের দাবি জানাই এবং এই প্রতিবাদলিপিটি সমগুরুত্বে আপনার গণমাধ্যমে যথাযথ স্থানে প্রকাশের দাবি জানাই। ভবনের ভাড়ার বিষয়টি সুরাহার জন্য আমি আগেও প্রস্তুত ছিলাম এখনও প্রস্তুত আছি। একজন আমেরিকান হিসেবে আদালতের প্রতি আমার যথাযথ সম্মান রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। আমি বাঙালি ভাইয়ের সঙ্গে অসমঝোতায় বিশ্বাসী নই। তবে অযাচিতভাবে আমার ও আমার প্রতিষ্ঠানের মর্যাদাহানীর বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা করার আশা রাখি।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোন মন্তব্য নেই। কাউকে হেয় করার কোন চেষ্টা করা হয়নি। ১০ বছরের জন্য একটি ভবন ভাড়া নিয়ে গত ৬ মাসের মধ্যে এক মাসেরও ভাড়া না পাওয়ায় ভবন মালিকের মনে ক্ষোভ জন্মানোটাই স্বাভাবিক। ভবনের প্রতিটি দরজার তালা পরিবর্তন করে মালিককে ভবনে প্রবেশ ও সংস্কার কাজ থেকে বঞ্চিত করার ফলে সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি হাজারো অভিযোগের কথা বলতেই পারেন। তিনি যে ভাড়াটের কাছে প্রতারণার শিকার হয়েছেন তা স্পষ্টই প্রমাণিত। সংবাদটি প্রকাশের পূর্বে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আবু জাফর মাহমুদের সাথে কথা বলার জন্য বেশ কয়েক দফা ফোন করা হয়েছিল। তার ব্যস্ততার কারণে কথা হয়নি। শেষে তিনি মুঠো ফোনের ক্ষুদের বার্তার মাধ্যমে তার মন্তব্য পাঠিয়েছেন।যা সংশ্লিষ্ট সংবাদে উল্লেখ করা হয়েছে। উক্ত ভবনের বর্তমান ভাড়াটে আদিত্য শাহীনের সাথে ফোনে কথা হয়েছে। তিনি বিস্তারিত বিষয় আমাদেরকে অবগত করেছেন। তার বক্তব্যও প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংবাদে। তি্নি পরদিন ফোনের মাধ্যমে আবু জাফর মাহমুদের সাথে কথা বলিয়ে দেবেন বলে জানিয়েছিলেন কিন্তু প্রতিষ্ঠান দু'টির মালিকের সাথে আর কথা বলা সম্ভব হয়নি। যেহেতু দু'জনের পুরো বক্তব্য সংবাদে প্রকাশিত হয়েছে সেহেতু সংবাদ প্রকাশের পর প্রতিবাদ পাঠানো অপ্রাসাঙ্গিক বলে মনে করা হচ্ছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি