১৬ বছর নয়, ৫ বছরও অপেক্ষা করব না: নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সমস্যা সমাধানে সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যথায় তাঁরা জনগণের বিকল্প শক্তি হিসেবে রাজপথে থাকবেন। বর্তমান সরকারের জন্য ১৬ বছর তো নয়ই, পাঁচ বছরও অপেক্ষা করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি সেই সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে আপনি স্বীকার করুন। স্বীকার করুন, আপনি দেশকে নেতৃত্ব দেওয়ার কোনো সঠিক পরিকল্পনা রাখেন না। বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন। বিরোধী দল সমর্থন না দিলে আপনার পক্ষে একা দেশ চালানো সম্ভব নয়—সেটি মেনে নিন।
তিনি বলেন, জনগণকে আপনারা সমস্যা সমাধান দিতে পারছেন না। ফলে জনগণ কিন্তু বিকল্প খুঁজছে। বাংলাদেশের জনগণ দেখেছে, বিকল্প শক্তি কারা।
নাহিদ ইসলাম বলেন, নতুন কোনো স্বৈরাচারকে আমরা বাংলাদেশে হতে দেব না, ইনশাআল্লাহ।
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সংসদকে কার্যকর করেননি, যার কারণে আজকে আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ করলে আমরা আলোচনা করতে পারতাম। গণভোটের রায় মেনে না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।
বিরোধীদলীয় সংসদ সদস্যদের কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, জনগণের সামনে প্রহসন করছেন। জনগণের নির্বাচিত এমপিদের কাজ করতে দিচ্ছেন না।
তিনি বলেন, দেশের অন্য প্রতিষ্ঠানের মতো সংসদকে কয়েক দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আপনাদের এলাকার সালাউদ্দিন আহমেদ একা এই সংসদ চালায়। তাহলে বিরোধী দলের সংসদে যাওয়ার তো প্রয়োজন নেই। তিনি যেহেতু সরকারের সব এমপির দায়িত্ব নিতে পেরেছেন, বিরোধী দলের দায়িত্বও তিনি পালন করুক।
নাহিদ ইসলাম বলেন, আপনি তো কথা বলা বন্ধ করে দিয়েছেন। কথা বললে মাঝেমধ্যে ভুলভাল বলে ফেলছেন। সালাউদ্দিনকে বলতে দিয়েছেন তাঁর কথা। জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আমরা এই অধিবেশনে সংসদে এখনো আছি। পরের অধিবেশনে যাব কি না, নিশ্চিত নয়। সংসদ-রাষ্ট্র একাকার হয়ে যাওয়ার আগে ঐক্যবদ্ধভাবে কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সেটি চেষ্টা করুন।
নাহিদ ইসলাম বলেন, আপনার জন্য ১৬ বছর নয়, পাঁচ বছরও অপেক্ষা করব না।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন : শফিকুর রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজ বিকেলে অংশ নেবেন তারেক রহমান
সঙ্গীত একাডেমি