
বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোসহ মধ্য-পশ্চিমাঞ্চলে তীব্র শীত বিরাজ করছে। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এই তাপমাত্রায় দক্ষিণ মেরুর চাইতে বেশি শীত পড়েছে সেখানে। তীব্র শীতে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পোলার ভার্টেক্স নামে পরিচিত দক্ষিণ মেরুর শীতল বাতাস অঞ্চলটি দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই ঠান্ডা পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পোলার ভার্টেক্সের কারণে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইলিওনয়েস-এ এক বৃদ্ধকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাসায় প্রবেশের কয়েক ঘণ্টা পর তাকে মৃত পাওয়া যায়। ভোরের কয়েক ঘণ্টা আগে আইওয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ পাওয়া গেছে অ্যাকাডেমিক হলের পেছনে। শিকাগো এলায় এক ব্যক্তি আটকা পড়েন তুষারের চাপায়। উত্তর ইন্ডিয়ানাতে তুষারে ঢাকা একটি সড়কে গাড়ি নিয়ে আটকা পড়েন এক দম্পতি এবং মিলওয়াকিতে এক ব্যক্তি গ্যারেজে মারা গেছেন।
বরফে ঢাকা রয়েছে মহাসড়কগুলো। এ অবস্থায় উচ্চ মাত্রায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে পুলিশ। শিকাগোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে ড্যাকোটা থেকে ওহাইয়ো পর্যন্ত ডাক ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে।
শিকাগোসহ মধ্য-পশ্চিমাঞ্চলে গতকাল ও আজ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ক্লাস ও মিশিগানে অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি শহরে ঘরহীন মানুষদের নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এসব মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। অধিকারকর্মীরা বলছেন, গৃহহীন মানুষদের জন্য প্রয়োজনীয় আশ্রয় ও বিছানা একেবারে অপর্যাপ্ত।
নিউ ইয়র্ক টাইমসকে শিকাগোর এক গৃহহীন ব্যক্তি বলেন, আমি শীতার্ত ও ভীত। ল্যান্সিং মিশিগানের মেয়র জানিয়েছেন, তাদের আশ্রয়কেন্দ্র গুলোতে অতিরিক্ত মানুষ রয়েছে। আর ডেট্রয়টের মেয়রের উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যাদেরকে সহযোগিতা করা সম্ভব হবে না তারা নিশ্চল বা পঙ্গু হয়ে যেতে পারেন। বেশ কয়েকটি শহরে সরকারি ভবন, গির্জা, হাই স্কুল ও দাতব্য প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]