যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২
আবু সাবেত: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শনিবার এক গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে জানায়, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তারা নিশ্চিত করে যে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি সাংবাদিকদের জানান, অন্তত আটজন গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
স্থানীয় সময় বিকেল ৪টা ২২ মিনিটে ব্রাউন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সতর্ক করে জানায়, বারাস ও হোলি ইঞ্জিনিয়ারিং ভবনের কাছে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। কর্মকর্তারা জানান, ওই সময় ভবনটিতে চূড়ান্ত পরীক্ষা চলছিল। সন্দেহভাজন ব্যক্তির পরনে কালো পোশাক ছিল এবং তাকে ভবন ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন এক বিবৃতিতে বলেন, ব্রাউন বিশ্ববিদ্যালয়, আমাদের পরিবার এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য এটি এক গভীরভাবে বেদনাদায়ক দিন।
গুলির ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ একাডেমিক ভবন, আশপাশের বাড়ির উঠান ও বারান্দাগুলোতে তল্লাশি চালাচ্ছিল বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭,৩০০ স্নাতক এবং ৩,০০০-এর বেশি স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে।
আর্মি–নেভি কলেজ ফুটবল ম্যাচে উপস্থিত অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে লেখেন, “ঘটনাস্থলে এফবিআই রয়েছে,” এবং জানান যে তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি আরও লেখেন, ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করি।
এর আগে বিশ্ববিদ্যালয় জানিয়েছিল যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে পরে সেই বার্তা সংশোধন করে জানানো হয় যে কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানায় ম্যাসাচুসেটসভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউসিভিবি-টিভি। ট্রাম্পও ট্রুথ সোশালে পূর্বে দেওয়া নিজের পোস্ট সংশোধনের কথা উল্লেখ করেন।
ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আজ রাতে আমরা সবাই ভুক্তভোগীদের জন্য ভাবছি এবং প্রার্থনা করছি।
বিকেল ৬টা ৫ মিনিটে জারি করা এক সতর্কবার্তায় বিশ্ববিদ্যালয় জানায়, সবাইকে “দরজা বন্ধ করে অবস্থান নিতে, ফোন নীরব রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আত্মগোপনে থাকতে” বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় আরও জানায়, এটি এখনও একটি সক্রিয় অপরাধস্থল এবং আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজনের খোঁজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি চলমান, তাই কমিউনিটির সব সদস্যকে আশ্রয়স্থলে অবস্থান অব্যাহত রাখতে হবে।
রোড আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর শেলডন হোয়াইটহাউস এক বিবৃতিতে বলেন, যেসব শিক্ষার্থী ছুটির অপেক্ষায় ছিল, তাদের হৃদয়বিদারক অবস্থার কথা ভেবে আমার মন ভেঙে যাচ্ছে। এবার আমাদের নিজস্ব প্রভিডেন্স কমিউনিতেই আরেকটি ভয়াবহ গণগুলির ঘটনা ঘটল।
তিনি আরও বলেন, এটি একটি চলমান পরিস্থিতি। আমি মেয়র স্মাইলির সঙ্গে একমত হয়ে রোড আইল্যান্ডবাসীদের কেবল ব্রাউন বিশ্ববিদ্যালয় ও প্রভিডেন্স পুলিশের আনুষ্ঠানিক আপডেট অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।
অপর সিনেটর জ্যাক রিড এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে কিছু পরিবার, সহপাঠী ও স্বজন হাসপাতালের অপেক্ষাকক্ষে রোগীদের খবরের জন্য অপেক্ষা করছেন।
তিনি বলেন, আমরা আত্মিকভাবে তাদের পাশে আছি। সামনের দিনগুলোতে তাদের আমাদের সবার সহায়তা প্রয়োজন হবে।
নিহত বা আহতরা শিক্ষার্থী কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি। এফবিআইয়ের বোস্টন ফিল্ড অফিস জানিয়েছে, তারা রোড আইল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে।
ব্রাউন ডেইলি হেরাল্ডকে শিক্ষার্থী কেটি সান বলেন, সত্যি বলতে এটি ছিল ভীষণ ভয়ংকর। গুলির শব্দগুলো যেন শ্রেণিকক্ষের দিক থেকেই আসছিল।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি