যুক্তরাষ্ট্রে ‘স্ন্যাপ’ তহবিল বন্ধ হলে ৪ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ৪ কোটিরও বেশি মানুষ যারা খাদ্য সহায়তা কর্মসূচি বা পরিপূরক পুষ্টি সহায়তা কর্মসূচি (স্ন্যাপ)-এর ওপর নির্ভরশীল তারা আগামী দিনগুলোতে হয় খাদ্য সহায়তা কম পাবেন, নয়তো একেবারেই পাবেন না।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সতর্ক করেছে, নভেম্বর পর্যন্ত সরকারি অচলাবস্থা বা শাটডাউন চলতে থাকলে তারা জরুরি পরিস্থিতির জন্য নির্ধারিত স্ন্যাপ কন্টিনজেন্সি ফান্ড-এর কয়েক বিলিয়ন ডলার বিতরণ স্থগিত রাখবে, যদিও কংগ্রেস ইতিমধ্যে ওই অর্থ অনুমোদন করেছে।
বিশেষজ্ঞদের মতে, ওই তহবিলে এখন ৫ থেকে ৬ বিলিয়ন ডলার রয়েছে। কিন্তু নভেম্বর মাসে স্ন্যাপ সুবিধাভোগীদের জন্য প্রয়োজন প্রায় ৮ বিলিয়ন ডলার। ফলে এই অর্থ দিয়ে কেবল আংশিক সহায়তা দেওয়া সম্ভব হবে।
তবে শুক্রবার ইউএসডিএ জানায়, অচলাবস্থা যদি ৩১ অক্টোবরের পরও অব্যাহত থাকে, তারা ওই তহবিল থেকে স্ন্যাপ সুবিধা প্রদানে কোনো অর্থ ব্যবহার করবে না। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্র্যাট সিনেটরদের ওপর চাপ সৃষ্টি করার জন্য ট্রাম্প প্রশাসনের কৌশল, যাতে তারা সরকারি কার্যক্রম পুনরায় চালু করার রিপাবলিকান ব্যয়ের বিল সমর্থন করেন।
একটি অভ্যন্তরীণ মেমোতে ইউএসডিএ লিখেছে এই তহবিল প্রাকৃতিক দুর্যোগের মতো অপ্রত্যাশিত সংকট মোকাবিলার জন্য তৈরি, রাজনৈতিকভাবে সৃষ্ট সরকারি অচলাবস্থার জন্য নয়। তাই এই পরিস্থিতিতে এ তহবিল ব্যবহার করা অবৈধ হবে।
এই নীতিটি আগের ইউএসডিএ পরিকল্পনার পরিপন্থী, যেখানে বলা হয়েছিল যে, সরকারি অচলাবস্থা দেখা দিলে সংস্থাটি আইনগতভাবে স্ন্যাপ সুবিধা দিতে বাধ্য।
ইউএসডিএ সচিব ব্রুক রলিনস সম্প্রতি বলেন, লক্ষ লক্ষ দুর্বল ও ক্ষুধার্ত পরিবার এই কর্মসূচির ওপর নির্ভরশীল। অচলাবস্থা চলতে থাকলে তারা খাদ্য সহায়তা পাবে না এর দায় সিনেট ডেমোক্র্যাটদের।
কিন্তু ডেমোক্র্যাট ও স্ন্যাপ সমর্থকেরা বলছেন, আইন স্পষ্টভাবে ইউএসডিএকে ওই জরুরি তহবিল ব্যবহারের অনুমতি দেয়। তাদের অভিযোগ, প্রশাসন রাজনৈতিক সুবিধার জন্য সচেতনভাবে পদক্ষেপ নিচ্ছে না।

বাজেট এবং নীতিগত অগ্রাধিকার কেন্দ্র-এর প্রেসিডেন্ট শ্যারন প্যারট বলেন, ইউএসডিএ সপ্তাহখানেক আগেই প্রস্তুতি নিতে পারত। এখন তারা রাজনৈতিক লাভের আশায় জনগণকে জিম্মি করছে।
প্রতিটি অঙ্গরাজ্য, যা স্থানীয় পর্যায়ে স্ন্যাপ পরিচালনা করে, ইতিমধ্যেই আশঙ্কা করছে যে ৩১ অক্টোবরের পর হয়তো খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে। কিছু রাজ্য যেমন টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক ইতিমধ্যেই নভেম্বরের জন্য সতর্কবার্তা জারি করেছে।
ভার্জিনিয়ার মতো কিছু রাজ্য নিজেদের রাজ্য তহবিল থেকে সাময়িকভাবে ঘাটতি পূরণের ঘোষণা দিয়েছে, তবে ইউএসডিএ জানিয়েছে, এই ব্যয়ের জন্য তারা কোনো ক্ষতিপূরণ দেবে না।
কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে নির্মম ও বেআইনি সিদ্ধান্তগুলোর একটি- এমন সময়ে যখন লক্ষ লক্ষ ক্ষুধার্ত আমেরিকান খাদ্যের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল।
এর আগেও প্রশাসন ডাব্লিউআইসি (মহিলা,নবজাতক এবং শিশু) নামের আরেক পুষ্টি সহায়তা কর্মসূচি চালু রাখতে ট্যারিফ রাজস্ব থেকে ৩০ কোটি ডলার সরিয়ে নিয়েছিল, তবে নভেম্বরের জন্য একই পদক্ষেপের কোনো ইঙ্গিত নেই।
এদিকে, এই সংকট আরও তীব্র হয়েছে কারণ ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা তাদের 'একটি বড় সুন্দর বিল আইন' -এর মাধ্যমে স্ন্যাপ-এ নতুন শর্ত ও কাটছাঁট এনেছে। এতে কর্মসংস্থান সংক্রান্ত বাধ্যবাধকতা এবং সুবিধাভোগীর সংখ্যা উভয়ই সীমিত করা হয়েছে।
ডেমোক্র্যাটরা বলছেন, রিপাবলিকানরা যখন এই আইন দিয়ে স্ন্যাপ-এর বাজেট থেকে আনুমানিক ১৮৬ বিলিয়ন ডলার কেটে দিয়েছে, তখন এখন তাদের সহানুভূতির দাবি ভণ্ডামি ছাড়া কিছু নয়।
নিউ ইয়র্কের প্রতিনিধি ও ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন,যারা ধনকুবের দাতাদের করছাড় দিতে ক্ষুধার্ত শিশু ও পরিবারগুলোর মুখের খাবার কেড়ে নেয়, তারা এখন ক্ষুধার্তদের প্রতি সহানুভূতির কথা বলছে এটা জনগণ বিশ্বাস করবে না।
সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে নভেম্বরে স্ন্যাপ তহবিলের ঘাটতি তৈরি হবে, যার ফলে ৪ কোটিরও বেশি আমেরিকান খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। ইউএসডিএ বলছে, আইনত তারা ওই জরুরি তহবিল ব্যবহার করতে পারবে না, কিন্তু ডেমোক্র্যাটরা একে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি