যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এখনো কয়েকজন কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর।
ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভার লেক নার্সিং হোমে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এতে ভবনের একাংশ ধসে পড়ে এবং আগুনে পুড়ে যাওয়ার সময় ভেতরে থাকা অনেক বাসিন্দা আটকা পড়েন।
সংবাদ সম্মেলনে গভর্নর জশ শ্যাপিরো বলেন, ‘এই মুহূর্তে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এখনও কয়েকজন নিখোঁজ আছেন।’
তিনি দ্রুততার সঙ্গে উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রথম সাড়াদানকারীদের প্রশংসা করেন। তিনি বলেন, দমকলকর্মীরা ‘আক্ষরিক অর্থেই মই বেয়ে উঠে ভেতরে ঢুকে বাসিন্দাদের পুলিশ সদস্যদের হাতে তুলে দিচ্ছিলেন। আর পুলিশ সদস্যরা কখনো কখনো একসঙ্গে দুজনকে কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন।’
ব্রিস্টল টাউনশিপ ফায়ার চিফ কেভিন ডিপোলিতো জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা ‘তীব্র গ্যাসের গন্ধ’ পান।
তিনি বলেন, ‘বিস্ফোরণের সময় ভবনের বড় অংশ ধসে পড়ে, প্রথম তলার কিছু অংশ বেসমেন্টে ধসে যায় এবং ভেতরে মানুষ আটকা পড়ে।’
তিনি আরও জানান, জানালা, দরজা, সিঁড়ি ও লিফটের শ্যাফট দিয়েও বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।
ডিপোলিতো জানান, এখনো পাঁচজনের খোঁজ পাওয়া যায়নি, তবে এই সংখ্যা প্রাথমিক।
তিনি বলেন, ‘ভবন পুরোপুরি খালি কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব।’
গভর্নর শ্যাপিরো জানান, চলতি মাসেই নার্সিং হোমটির মালিকানা পরিবর্তন হয়েছে। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিদর্শকরা ১০ ডিসেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং কার্যক্রমের মান উন্নয়নের একটি পরিকল্পনা তৈরি করেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি