যুক্তরাষ্ট্রে ইহুদিদের এক সিনাগগ চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ১৫

বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রের পেনসালভ্যানিয়ার পিটসবার্গ শহরে ইহুদিদের এক সিনাগগ চত্বরে বন্দুকধারীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালের এ ঘটনায় আরও ১২ জন গুলিবিদ্ধ ও গুলিবর্ষণকারীকে প্রতিরোধ করতে গিয়ে আরও তিন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছে সিএএন ও স্থানীয় গণমাধ্যম, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শহরের ট্রি অব লাইফ সিনাগগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অ্যালেগেইনি কাউন্টির ডেপুটি শেরিফ কেভিন ক্রাউস। তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। গুলিবর্ষণকারী আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন তারা। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারী সিনাগগে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে।
স্থানীয় সময় প্রায় ১০টার সময় জরুরি বিভাগের সদস্যরা ট্রি অব লাইফ কংগ্রেগেইশন সিনাগগে উপস্থিত হয়। ওই সময় সিনাগগটিতে একটি আরাধনা অনুষ্ঠিত হচ্ছিল। আত্মসমর্পণের পর বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ, কিন্তু তারপরও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পিটসবার্গ পুলিশ বিভাগের মুখপাত্র জ্যাসন লান্ডো জানিয়েছেন, কর্মকর্তারা পিটসবার্গের স্কুইরল হিল এলাকার ওই সিনাগগটিতে তল্লাশি অব্যাহত রেখেছেন।
যুক্তরাষ্ট্রের চ্যানেলগুলোতে সম্প্রচারিত ফুটেজে পুলিশের সোয়াত টিম ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা গেছে। বন্দুকধারী একজন দশাসই চেহারার দাঁড়িঅলা শ্বেতকায় পুরুষ বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। ট্রি লাইফ সিনাগগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী এটি একটি রক্ষণশীল ইহুদি ধর্মসভা। পিটসবার্গের ঐতিহাসিক ইহুদি জনবসতি স্কুইরল হিল এলাকায় এর অবস্থান।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি