
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় মৃত্যু ৮ মাসের রেকর্ড ভেঙেছে। গত বুধবার তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে এটিই সর্বাধিক। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের। তবে আসছে দিনগুলোতে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে থ্যাংকস গিভিংসের ছুটিতে ঘরে থাকার নির্দেশ অমান্য করে লাখ লাখ আমেরিকান ভ্রমণে বের হন। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ডসংখ্যক বেড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দুই লাখ ৮৯ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৭১ জন। আর নতুন আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ৪৮১ জন।
তিন কোটি ৩০ লাখ লোকের ক্যালিফোর্নিয়া গত সপ্তাহে লকডাউনে ফিরে গেছে। বুধবার সেখানে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে এটিই সর্বাধিক সংক্রমণের সংখ্যা। ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও নতুন রেকর্ড ছুঁয়েছে। বুধবার এক লাখ ছয় হাজার আমেরিকান চিকিৎসার জন্য হসপাতালে গেছেন।
গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশে পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি।
এদিকে, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরো ভয়াবহ হতে পারে। তিনি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ ছুটি আরো বেশি দীর্ঘ। এজন্য পরিস্থিতি আরো বেশি জটিল হবে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সাথে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৩ হাজার ৩৯৮ জনের।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৮৯৫ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]