ওয়াশিংটন ডিসিতে গুলিবর্ষণের পর
যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করছে ট্রাম্প প্রশাসন
নোমান সাবিত: হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে একটি মেট্রো স্টেশনের বাইরে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ১৯টি দেশের সাথে সংশ্লিষ্ট সব গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা এ সিদ্ধান্ত নেন।
সামাজিক মাধ্যম এক্স-এ লেখা এক পোস্টে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো বলেন,@পটাস-এর নির্দেশে আমি উদ্বেগের তালিকাভুক্ত প্রতিটি দেশ থেকে আগত প্রত্যেক বিদেশির গ্রিন কার্ডের কঠোর ও পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, এই দেশের নিরাপত্তা ও আমেরিকান জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার; আগের প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির মূল্য আমেরিকান জনগণ আর বহন করবে না। আমেরিকার নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়।
ট্রাম্প প্রশাসনের জুন মাসের এক স্মারকে প্রবেশ-নিষেধাজ্ঞা থাকা উদ্বেগের তালিকাভুক্ত ১৯টি দেশের নাম উল্লেখ করা হয়। দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বার্মা, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।
বুধবার দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাহমানুল্লাহ লাখানওয়ালের নাম আসার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। তিনি আফগানিস্তানের নাগরিক এবং ২০২১ সালের সেপ্টেম্বর মাসে “অপারেশন অ্যালায়েজ ওয়েলকাম” কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে তীব্র সমালোচনা করেন, যার ফলে আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হয়েছিল। এদিকে ইউএসসিআইএস আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন অবিলম্বে স্থগিত করেছে।
ভ্যান্স বলেন, ২০২১ সালে যখন আমি বাইডেন প্রশাসনের অ-যাচাইকৃত আফগান শরণার্থীদের ঢুকিয়ে দেওয়ার নীতির সমালোচনা করেছিলাম, অনেক বন্ধু আমাকে বর্ণবাদী বলেছিল। সেটা ছিল চোখ খোলার মতো এক মুহূর্ত। তাদের এই দেশে আসা উচিত ছিল না।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, লাখানওয়ালের জন্য তারা মৃত্যুদণ্ড চাইবেন। প্রতিবেদন অনুযায়ী, তিনি আফগানিস্তানের একটি এলিট কাউন্টারটেররিজম ইউনিটে কাজ করেছিলেন এমন দাবি করেছে #আফগানইভ্যাক, যেটি যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যদের পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বুধবার বলেন, এনপিআর –এর হিসেবে, আফগানিস্তানে ওই ব্যক্তির অংশীদার বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিল। তাঁর অতীত, তার পরিচিতি দেশে বা দেশের বাইরে সবকিছুই আমরা গভীরভাবে তদন্ত করছি।
গুলির ঘটনার আগেই, মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ইউএসসিআইএস–কে প্রায় দুই লাখ শরণার্থীর পুনরায় সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দেয় গণমাধ্যমের হাতে পাওয়া এক স্মারকে এমনটি বলা হয়েছে। স্মারকে ইঙ্গিত দেওয়া হয় যে এ শরণার্থীদের সুরক্ষা বাতিল করা হতে পারে।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি