ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি
বাংলাপ্রেস ডেস্ক: যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে উঠেছে শহীদ মিনার। যার শুরুটা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিবর্গ ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর একুশে ফেব্রুয়ারির সকাল থেকে শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরিতে নেমেছে জনতার ঢল। শুক্রবার ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার অভিমুখী রাস্তায় দেখা যায় মানুষের মিছিল। এদিকে নীলক্ষেত, আজিমপুর কবরস্থান থেকে পলাশী হয়ে মানুষের দীর্ঘ লাইন চলে গেছে শহীদ মিনারের পাদদেশে। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়েল চত্বর ও টিএসসি ক্রসিং দিয়ে বের হচ্ছেন শ্রদ্ধা নিবেদনকারীরা।
ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করকে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সকল শ্রেণি-পেশার মানুষকে প্রভাতফেরীতে অংশগ্রহণ করতে দেখা যায়। অনেকে কালো ব্যাজ পরে খালি পায়ে শহীদ মিনারে আসছেন জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি