ভারতের আলোচিত সেই নীরব মোদি লন্ডনে গ্রেপ্তার

বিদেশ ডেস্ক : অবশেষে লন্ডনে গ্রেপ্তার পিএনবি ব্যাংক জালিয়াতিতে মামলায় অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদি৷ বুধবারই ওয়েস্টমিনস্টার কোর্টে তোলা হবে তাকে৷ সূত্রের খবর, সেখানে জামিনের জন্য আদালতের কাছে আপিল করবেন ১৪ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদি৷ যদি সেই আবেদন খারিজ হয়ে যায়, তবে অন্যন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে নীরবের তরফে৷ সেক্ষেত্রে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলেই মত ওয়াকিবহার মহলের৷ পাশাপাশি, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা শুরু করেছে ভারত সরকারও৷ ইডির আবেদনের ভিত্তিতেই নীরবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়৷ প্রায় ১৭ মাস পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন এই জালিয়াত ব্যবসায়ী৷
কিছুদিন আগেই লন্ডনের রাস্তায় বহুমূল্য জ্যাকেট পরে ঘুরতে দেখা গিয়েছিল নীরব মোদিকে। সেই সময় ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার এক সাংবাদিক তাঁর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। তবে সব প্রশ্ন এড়িয়ে যান নীরব মোদি। ‘দ্য টেলিগ্রাফ’ সূত্রে জানা যায়, লন্ডনের অভিজাত এলাকায় ফের হীরের ব্যবসা শুরু করেছিলেন নীরব। এমনকী লন্ডনেরই সেন্টার পয়েন্ট টাওয়ার ব্লকে মাসে প্রায় ১৭ হাজার পাউন্ড ভাড়া দিয়ে বিলাসবহুল এক ফ্ল্যাটও ভাড়া নিয়েছিলেন তিনি।
২০১৮ সালের আগস্ট মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৪ হাজার কোটি টাকা কেলেঙ্কারি মামলায় নীরব মোদির প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নীরবকে লন্ডনে দেখা যাওয়ার পরেই তাঁকে দেশে ফেরাতে সচেষ্ট হয় ভারত। হীরে ব্যবসায়ী নীরবকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়টি আদালতে পাঠান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। নীরব এবং তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখা থেকে থেকে প্রায় ১৪ হাজার কোটি টাকার জালিয়াতি করার অভিযোগ উঠেছে। ওই মামলার তদন্ত শুরু হওয়ার আগেই দেশ ছাড়েন দু’জনেই। এই মামলায় এখনও নীরব মোদির এক হাজার ৮৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করেছে ইডি। বিরোধীরা অভিযোগ করেছে, মেহুল ও নীরবকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষও করেন তাঁরা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি