
লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন, কোনভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না। কোনো কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে’।
বুধবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনরত ব্যক্তিদের উৎসাহ দিতে তার এ সফর উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা সহায়ক শক্তি । তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইএম কামরুজ্জামান, রিটার্নিং অফিসার দুলাল তালুকদার প্রমূখ ।
এর আগে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রসঙ্গত. লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে উপ-নির্বাচন এবং রামগতি ও কমলনগরে উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। সংসদীয় আসনে ইভিএম পদ্ধতি আর ইউপি নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]