
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালায় এবং তা বিকল করে দেয়। কোন সূত্র থেকে এ কাজ করা হয়েছে তা তদন্তে আইন প্রয়োগকারীদের সঙ্গে তারা কাজ করছে। ইমেইলে দেয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, সাইবার হামলা হলেও এতে স্পর্শকাতর কোনো ডাটা প্রকাশ হয়নি। কারণ, এসব বিষয় তাদের সাইটে প্রকৃতপক্ষে রাখা থাকে না। তবে এমন অভিযোগের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।
ওদিকে মঙ্গলবার সারাদিনই ট্রাম্পের ওয়েবসাইট পূর্ণাঙ্গ সচল দেখা যায়। তবে অনলাইনে বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অল্প সময়ের জন্য ওই সাইট বিকল ছিল। সেখানে কিছু বোগাস বার্তা দেখা যায়। ট্রাম্পের পরিবার এবং সহযোগীদের আভ্যন্তরীণ ও গোপন কথোপকথন জানিয়ে দেয়ার বিনিময়ে ভিজিটরদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি দাবি করা হয় ওই বার্তায়। তবে এমন বিবৃতির পিছনে কোনো তথ্যপ্রমাণ রেখে যায়নি হ্যাকাররা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]