ট্রাম্পের হুমকির মুখেই মস্কোকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের মস্কো সফরের প্রথম দিনেই জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলো ভারতের সঙ্গে আরো নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে, তার পরিবেশ রয়েছে ভারতে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন।
আবার দুই দিন আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ‘একাধিক ইতিবাচক’ বৈঠক করেছেন ভারতের শীর্ষ নেতৃত্ব এবং নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে রাশিয়ার প্রতি ভারতের এই অবস্থান এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধিকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি উপেক্ষা করার মনোভাব’ হিসেবেই দেখছে ভারতীয় গণমাধ্যমের একাংশ।
‘চার বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য পাঁচ গুণ বৃদ্ধি’
‘আইআরআইজিসি-টেক’ নামে ভারত ও রাশিয়ার দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক একটি সংগঠনের বৈঠকে এস জয়শঙ্করের ভাষণ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বৈঠকে জয়শঙ্কর বলেছেন, ‘গত চার বছরে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যে বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ছিল এক হাজার ৩০০ কোটি মার্কিন ডলার, তা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ছয় হাজার ৮০০ কোটি ডলার।
তিনি আরো বলেন, ‘তবে এই বৃদ্ধির সঙ্গে বড়সড় বাণিজ্য ঘাটতিও রয়েছে, যা ছিল ৬৬০ কোটি মার্কিন ডলার, তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৮৯০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৯ গুণ। এই পরিস্থিতির দিকে আমাদের দ্রুত নজর দেওয়া দরকার।’
জয়শঙ্কর উল্লেখ করেন, ‘একটি জটিল ভূরাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি এ-ও জানান, এই পরিস্থিতিতেও দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারি রয়েছে, তা এগিয়ে নিতে দুই শীর্ষ নেতাই বদ্ধপরিকর।
অন্যদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরোভকে উদ্ধৃত করে নয়াদিল্লিতে দেশটির দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘গত পাঁচ বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য ৭০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
মন্তুরোভ এ-ও বলেছেন, ‘রাশিয়ার বাণিজ্য-অংশীদারদের মধ্যে ভারত এখন শীর্ষ তিনটি দেশের মধ্যে উঠে এসেছে।’
ভারতের সঙ্গে বাণিজ্যের সুবিধা
এস জয়শঙ্কর ভারত-রাশিয়া বিজনেস ফোরামের সম্মেলনেও যোগ দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তুলে ধরেন, রাশিয়ার সংস্থাগুলোর ব্যবসা-বাণিজ্য করার অনুকূল কী কী পরিবেশ তার দেশে রয়েছে।‘মেক ইন ইন্ডিয়া’র মতো কর্মসূচি বিদেশিদের ব্যবসা করার জন্য নতুন পরিবেশ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেছেন।তার কথায়, ‘চার লাখ কোটি মার্কিন ডলারের বেশি জিডিপি নিয়ে ভারতের প্রবৃদ্ধির হার সাত শতাংশ। অদূর ভবিষ্যতে নির্ভরযোগ্য উৎস থেকে বড় বিনিয়োগের প্রয়োজন স্বাভাবিকভাবেই আসবে। সার, রাসায়নিক, যন্ত্রের মতো অত্যাবশ্যক পণ্যের সরবরাহ নিশ্চিত করা যেতে পারে। নিজেদের দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে যেসব সংস্থা প্রতিষ্ঠিত, তাদের জন্য দ্রুত গড়ে ওঠা পরিকাঠামো তৈরি রয়েছে।’তিনি এ-ও বলেছেন, ভারতের আধুনিকীকরণ ও নগরায়নের ফলে জীবনযাত্রা ও ভোগের ধরন বদলিয়েছে, তাই চাহিদা এমনিতেই রয়েছে। এ কারণেই ‘রাশিয়ার সংস্থাগুলোর কাছে আহ্বান, তারা যেন ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে সংযুক্ত হয়’।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি