২৪ নভেম্বর ২০২৬

স্তন ক্যানসার মোকাবিলায় নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম
স্তন ক্যানসার মোকাবিলায় নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার সংস্থাটি জানিয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি মুখে খাওয়ার ওষুধ ‘উইলসার্ডলি’ নির্দিষ্ট কিছু প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসার রোগীর চিকিৎসায় ব্যবহার করা যাবে।

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের ক্যানসারের চিকিৎসায় এটিই প্রথম নতুন হরমোন থেরাপি।

‘গিরিডেস্ট্র্যান্ট’ নামেও পরিচিত ওষুধটি ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যাদের রোগের পর্যায় ১ থেকে ৩ এবং অস্ত্রোপচারের পর ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তারাই এই ওষুধ ব্যবহারের সুযোগ পাবেন।

এফডিএর তথ্য অনুযায়ী, স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রায় ৭০ শতাংশই এই উপধরনে ভোগেন।

ওষুধটি প্রতিদিন একবার খেতে হবে। এটি ক্যানসার কোষের বৃদ্ধিতে ইস্ট্রোজেনের ভূমিকা বাধাগ্রস্ত করে এবং ক্যানসার কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দেয়।

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ‘উইলসার্ডলি’ পাওয়া যাবে। ওষুধটির মাসিক নির্ধারিত মূল্য ২২ হাজার ৫০০ ডলার।

৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর ওপর চালানো একটি চূড়ান্ত পর্যায়ের গবেষণার ফলাফলের ভিত্তিতে ওষুধটি অনুমোদন দেওয়া হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের পাঁচ বছর ধরে উইলসার্ডলি অথবা প্রচলিত হরমোন থেরাপি দেওয়া হয়। এতে দেখা গেছে, প্রচলিত চিকিৎসার তুলনায় উইলসার্ডলি ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ কমায়।

এর আগে, এক সপ্তাহ আগে এফডিএ ‘এভেরোলিমাস’ নামের আরেকটি ওষুধের সঙ্গে ব্যবহারের জন্য উইলসার্ডলির অনুমোদন দেয়। এই অনুমোদন প্রযোজ্য এমন রোগীদের ক্ষেত্রে, যাদের স্তন ক্যানসার উন্নত পর্যায়ে পৌঁছেছে বা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছে এবং টিউমারে ‘ইএসআর১’ জিনের পরিবর্তন রয়েছে।

এফডিএ জানিয়েছে, ওষুধটি রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করে কি না, তা জানতে তাদের ওপর নজরদারি অব্যাহত থাকবে। বাজারে ওষুধটি আসার পর এ বিষয়ে গবেষণার ফলাফল জমা দিতে সম্মত হয়েছে রোশ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি