সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বার্তায় দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী সৈয়দ আশরাফের চলে যাওয়ার শূন্যতা অপূরণীয় উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদানের কথা চিরকাল স্মরণ করবে।
রাষ্ট্রপতি হামিদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন অত্যন্ত সৎ, নিবেদিত প্রাণ ও সাহসী নেতাকে হারালো। এতে দেশের রাজনীতি তথা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মতো রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতি শোকে মূহ্যমান। বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের অত্যন্ত সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফ ছিলেন পুরোদস্তুর সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। প্রধানমন্ত্রী ১/১১-এর দুঃসময়ে তার বলিষ্ঠ ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তার কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন। শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি