
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একজন সাংবাদিকের নামে খাস জমি দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর দুপুরে উপজেলার ধলাগাছ মৌজার মতির মোড় সংলগ্ন সংশ্লিষ্ট জমির দাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কামারপুকুর ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য বলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জোতদার মতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক শুকারু। আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের ভূমি তহশিলদার কাজী শরীফুল ইসলাম, সার্ভেয়ারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
লিখিত বক্তব্যে সৈয়দপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্তভাষা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফয়েজ আহমেদ বলেন, আমার সামাজিক পেশাগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তারা ধলাগাছ মৌজার এসএ ৬০১, বিএস ২৫০৯ নং দাগে খাস জমিতে আমার বাড়ি নির্মাণের যে কথিত অভিযোগ করেছেন তা সঠিক নয়, মিথ্যার বেসাতি মাত্র। রেকর্ডিয় খাস জমি ও সড়ক থেকে ফয়েজ আহমেদের নির্মিত বাড়ি প্রায় ৪০ ফুট দূরে। যা তিনি সার্ভেয়ার ও তহশিলদারের মাধ্যমে মাপযোগ করে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে দেখান। সাংবাদিক ফয়েজ আহমেদ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর একেএম রেজাউল করিম পাটোয়ারী, মোঃ শমসের আলী প্রধান, মনছুর, মোঃ শামসুজ্জোহা, মোঃ জাকির হোসেন ও মোঃ মুকিদ হোসেন সাংবাদিক ফয়েজ আহমেদের বিরুদ্ধে খাস জমি দখলপূর্বক বাড়ি নির্মাণের একটি অভিযোগ স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) দপ্তরে দাখিল করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]