জাতীয় সংসদ অধিবেশন
সংসদে পাস হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল
ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন অ্যাকাডেমিক কাঠামোর আওতায় এনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। এই আইন প্রণয়নের মাধ্যমে সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসন সম্ভব হবে। এসব কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাকাডেমিক হয়রানির অভিযোগ তুলে পরবর্তীতে শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুক্রবার শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাশ হয়। নতুন আইনে আগে প্রস্তাবিত চারটি স্কুলে সাতটি কলেজকে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে এসে বলা হয়েছে, কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে, তবে অ্যাকাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত থাকবে।
আইনটি কার্যকর হওয়ার ফলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা পরিচালনার জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের অপেক্ষায় ছিল। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা অধিভুক্ত কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে। এছাড়া কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগও থাকবে।
বিপি>টিডি
সূত্র: যুগান্তর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি