
সাবেদ সাথী : জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সহকারি মহাসচিব মিরোস্লাভের সাথে সাক্ষাতকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতিসহ বাংলাদেশের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন।
কিছুদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের দাফন অনুষ্ঠানে যোগ দিতে গুতেরেস ঘানায় অবস্থান করায় সহকারি মহাসচিব জেনকোর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়।
সহকারি মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে আলোচনাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান আওয়ামীলীগ সরকার কর্তৃক বিরোধীদলের নেতাকর্মিদের ওপর দমন-পীড়নের অভিযোগ করা হয়েছে কিনা এ বিষয়ে তিনি সাংবাদিককের কোন উত্তর দিতে রাজী হননি।তবে এসব বিষয় নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা হবে বলে আগে থেকেই বিএনপির নেতাকর্মিরা ধারণা করেছিল।
ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের বলেন, মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘ এসেছিলাম। জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।
বৈঠকের সময় ফখরুলের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং লন্ডন থেকে আসা সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ূন কবীর।সাক্ষাত শেষে বিএনপি মহাসচিব ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দিয়েছেন বলে স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]