সংসদ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সংসদ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করছে। কেননা এটি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
প্রধানমন্ত্রী আজ একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তাঁর সমাপনী ভাষণে বলেন, ‘এই জাতীয় সংসদ ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংসদ সবসময়ই জনগণের কথা বলে এবং আমরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছি।’
সংসদ নেতা বলেন, ‘জনগণ ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এই সংসদে দাঁড়িয়ে আমরা সবসময় জনগণের কথা বলি। আর সেজন্যই আমরা তাদের সেবা করার জন্য বার বার নির্বাচিত হয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল দশম জাতীয় সংসদে গঠনমূলক ভূমিকা পালন করেছে এবং একাদশ জাতীয় সংসদেও তারা একই ভূমিকা পালন করছে।
সংসদে চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি এজন্য সরকার ও বিরোধী দলীয় সদস্যদের ধন্যবাদ জানান।
দেশে সকলের জন্য কর্মপরিবেশ সৃষ্টিতে তাঁর সরকারের উদ্যোগসমূহের আলোকে সংসদ নেতা বলেন, যার যে কাজ সে যেন তা করতে পারে আমরা সে ধরনের পরিবেশ সৃষ্টি করেছি। দুর্নীতিমুক্ত জনবল নিয়োগ করায় পুলিশ বাহিনী আজ সাধুবাদ পাচ্ছে। এটা অতীতে কখনও হয়নি।
তিনি বলেন, প্রত্যেকে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে। দেশকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবে এগিয়ে নিয়ে যাব।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যেমন রাজনৈতিকভাবে গণতন্ত্র চর্চা অবাধ করে দিয়েছি সকলের জন্য, তেমনি অর্থনৈতিক মুক্তি অর্জনের ক্ষেত্রে কাজ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে স্বাবলম্বী করে তুলছি।
তিনি বলেন, আজকে আর বাজেট দেয়ার জন্য আমাদের কারো কাছে হাত পাততে হয় না। নিজেদের অর্থে বাজেট দিতে পারছি এবং বাজেট আমরা ৫ গুন বৃদ্ধি করেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে দেশের তৃণমূলের মানুষকে আমরা দারিদ্র মুক্ত করার যে উদ্যোগ নিয়েছি তার সুফল গ্রামের মানুষ পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং দেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি