শক্তিশালী ঘূর্ণিঝড়ে মাদাগাস্কারের প্রধান বন্দর ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ৩১
বাংলাপ্রেস ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গেজানি’র আঘাতে মাদাগাস্কারের প্রধান বন্দরনগরী তুয়ামাসিনা লণ্ডভণ্ড হয়ে গেছে। ভারত মহাসাগরে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারের উপকূলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে অসংখ্য বাড়িঘর ধসে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বহু এলাকা অন্ধকারে ডুবে গেছে এবং শহরের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, তুয়ামাসিনার প্রায় ৭৫ শতাংশ ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে ছিল এবং বহু মানুষ আহত হয়েছেন। মানবিক সহায়তাসংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ বাড়ির ছাদ আংশিক বা পুরোপুরি উড়ে গেছে। শহরটিতে প্রায় চার লাখ মানুষ বসবাস করেন।
মাদাগাস্কারের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘গেজানি’ ধীরে ধীরে দুর্বল হয়ে মাঝারি মাত্রার ট্রপিক্যাল ঝড়ে পরিণত হয়েছে এবং পশ্চিমমুখী হয়ে মধ্যাঞ্চল অতিক্রম করে মোজাম্বিক চ্যানেলে প্রবেশ করবে।
এই বছর মাদাগাস্কারে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। গত ১০ দিন আগে ট্রপিক্যাল সাইক্লোন ‘ফাইটিয়া’-র আঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থাগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা সমূহে সাহায্য পৌঁছে দিচ্ছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি