শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি দেশব্যাপী শিশু নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের ওপর নির্যাতন বেড়েছে। শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি দেয়া হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেয়া হবে না।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর দ্বিতীয় পর্বে মঞ্চর সামনে আসনে বসে সাংস্কৃতিক পরিবেশনা দেখেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের প্রতি কোনো অন্যায়-অবিচার বরদাশত করা হবে না। যারা শিশু নির্যাতন করবে তাদের অবশ্যই সাজা পেতে হবে। কঠোর সাজা পেতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ছোটবেলা থেকেই পড়েছি, কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না। আসলে এ সব বলা নিষ্ঠুরতা। এটি বলা অমানবিকতা। আমাদের শিশুরা নিশ্চয় তা করবে না।
শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমাদের পাশে দরিদ্র ও প্রতিবন্ধী শিশু দেখলে তাদের অবহেলা করো না। কারণ তারাও তো তোমাদের মতোই মানুষ। এতে তাদের তো কোনো দোষ নেই। এটা অমানকিতা ও নিষ্ঠুরতা।
সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুরা যাতে আধুনিক মনস্ক হয়ে গড়ে উঠতে পারে সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রত্যেকটি শিশুর জীবন যেন অর্থবহ হয়, আমরা সে ব্যবস্থা নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, শেখ রাসেল হত্যার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে শিশু হত্যার মতো ব্যাধি সমাজে ছড়িয়ে পড়তো না। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস থেকে শিশুদের দূরে রাখতে হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি