২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের সঙ্গেই আলোচনা হবে: তথ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের সঙ্গেই আলোচনা হবে: তথ্য উপদেষ্টা

 

বাংলাপ্রেস ডেস্ক:মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সাথে বাংলাদেশ সরকারের কোনো ‘আলোচনা নেই’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই আলোচনা কেবল ‘ভারতের সঙ্গেই নির্ধারিত হবে’ বলে মন্তব্য করেছেন তিনি।


মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছিলেন জাহেদ।

তথ্য উপদেষ্টা বলেন, “বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। উনার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ না। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে—এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।”

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স।

তার মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

রয়টার্স লিখেছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো দিন জানালেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।

এদিকে শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

কোনো পরিবহন পাঠানো নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্তও করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

‘আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি’

বাংলাদেশ বিমানে করে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা রসিকতার সুরে বলেন, “শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস উনি এসে বলছেন না আসার পর ওনাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে।

“আমি দেখেছি ভারতের কেউ কেউ বলেন যে, উনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি উনি তাও চান কি না জানি না।”

জাহেদ বলেন, “আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছুতে আসবেন, আমরা তাকে চাই তাকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হবে। একটা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ, তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন।

“আমরা তিনি যেখানে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানিয়েছি তাকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। আর যদি হস্তান্তর করা হয়, সেটা বাংলাদেশ বিমানে আমরা আনব না তিনি তাদের বিমানে আসবেন, সেটা আসলে পরবর্তীতে নির্ধারিত হবে।”

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের সাথে কোনো যোগাযোগ হচ্ছে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সাথে আমাদের না।

“এই আলোচনা আমাদের সাথে ইন্ডিয়ার আলোচনা—যে আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার ওখানে আছেন, যাদের শুধু অ্যাকিউজড না, শেখ হাসিনা কনভিক্টেড।”

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক কৌশল’ বলেও মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা।

তার তথায়, “তিনি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। এটা আমরা আগেও বলেছি, ইটস আ ব্লাফ টু দ্য পলিটিক্যাল পিপল। তার যারা দল আছে, দলের লোকজন আছে, তাদেরকে তিনি এভাবেই দেখাতে চাইছেন।”

ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতার যে কথা বলা হত, এখন আর সেই বাধা নেই বলে মনে করেন জাহেদ উর রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত প্রায়ই একটা কথা বলত যে এটার সাথে আইনি ইস্যুজ আছে ইত্যাদি ইত্যাদি। আমি তো বলছি শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে এখন আর কোনো প্রবলেম নাই, ইজন্ট ইট? শেখ হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, উনি হয়ত কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি নানান রকম কিছু বলার চেষ্টা করতে পারেন, তার আইনজীবীরা এটা সেটা করবেন।

“তো শেখ হাসিনা যদি আসতেই চান, তো উনার তো এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সো উনাকে প্রত্যর্পণ করে দিলেই হয়। উনি আসুক। এখন তো আমি আর আসলে কোনো সমস্যা দেখি না।”

ভারত সরকার তাকে জোর করে পাঠাচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, “এটা তো ভারত ওনাকে জোর করে এক্সট্রাডাইট করছে না। শেখ হাসিনা বলছেন আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক। দুটো মিলে গেল। সো ওভাবেই যদি আসে তাহলে তার এই দায় ওই সরকারের ওপরে পড়ছে না, এভাবে হতে পারে।

“সো এ কারণে আমি বলছি শেখ হাসিনার আসতে চাওয়ার কারণে প্রত্যর্পণে আসলে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না। কারণ উনি তো আর এখন কোর্টে যাবেন না। কারণ উনি তো বাংলাদেশে আসতেই চান।”

এছাড়া, শেষ মুহূর্তে সরকার শেখ হাসিনাকে দেশে আসতে দেবে না বলে আওয়ামী লীগের মধ্যে যে প্রচারণা রয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “সরকার না চাইলে বারবার এক্সট্রাডাইট করার কথা বলত?”

দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে (এনআইডি) গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স।

ওই অনুরোধের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস। এর পাঁচ দিন বাদে শেখ হাসিনার মুখপাত্র উড়োজাহাজে করে বিজয় দিবসে তাকে দেশে ফেরানোর দাবির কথা তুলে ধরেছেন।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন। রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোববার রয়টার্সকে বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

জাতিসংঘের হিসাবে, জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনের মতো নিহত হয়ে থাকতে পারেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি