
সাবেদ সাথী, নিউ ইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরুস্কার দেওয়ার দাবি জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি
বলেছেন নোবেল পুরুস্কার পাবার জন্য একজন মানুষের যা প্রয়োজন শেখ হাসিনার সেসব যোগ্যতা আছে। মিয়ানমান থেকে পালিয়ে আসা রোহিঙ্গয়াদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে একটি নজির সৃষ্টি করেছেন তিনি।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরুস্কার দেওয়া হউক। স্থানীয় সময় রবিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিকদের দেওয়া প্রধানমন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।
শেখ সেলিম বলেন, পৃথিবীর কোথায় এমন উদাহরন নেই যে বাস্তুহারা ১১ লাখ মানুষকে থাকার আশ্রয় এবং ভরন পোষনের দায়িত্ব সরকার নিয়েছে। এ জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'মানবতার মা' এখন সারা বিশ্ববাসী চেনেন ও জানেন।
তিনি আরো বলেন, এ অনুষ্ঠানে এসে আমি ভিন্ন কিছু শ্লোগান শুনতে পেয়েছি। এখন দল গঠনের চেয়ে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দল এবং শেখ হাসিনার জন্য কাজ করা জরুরি হয়ে পড়েছে। প্রবাসেও সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার আহবান জানান তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান, আক্তার হোসেন, সৈয়দ বসারত আলী, লুত্ফুল করিম, শামসুদ্দীন আজাদ, আবুল কাশেম ও মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরীন পারভীন ও মোহাম্মদ আলী মানিক মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার দুপুর ২টা ২৩ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউ জার্সির নিউইয়ার্ক লিবার্টি বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। জাতিসংঘে এবারের সফরে ৫০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দলও তার সফরসঙ্গী হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]